ফ্রান্সের কট্টর ডানপন্থি দল ন্যাশনাল র্যালি (আরএন) এবং তাদের মিত্ররা সিনেট নির্বাচনে রেকর্ড ১৪টি আসন পেয়েছে। এর ফলে ৩৪৮ সদস্যের সিনেটে দলটির আসনসংখ্যা প্রায় চার গুণ হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এই ফলাফল পেল দলটি। রোববার ফলাফল ঘোষণার পর আরএনের প্রেসিডেন্ট প্রার্থী মেরিন লা পেন এই ফলকে ঐতিহাসিক বিজয় বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ফলাফল আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। এই প্রথম দলটি সিনেটে একটি পৃথক সংসদীয় গ্রুপ গঠনের জন্য প্রয়োজনীয় ১০ আসনের সীমা অতিক্রম করল। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি, রয়টার্স। এতে আরও বলা হয়, প্রতি তিন বছর পর স্থানীয়ভাবে নির্বাচিত প্রতিনিধিরা সিনেটের অর্ধেক সদস্য নির্বাচন করেন। নির্বাচিত প্রতিটি সিনেটর ছয় বছরের জন্য দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে ন্যাশনাল ফ্রন্ট নামে পরিচিত থাকার সময় কট্টর ডানপন্থি দল আরএন প্রথমবারের মতো সিনেটে প্রবেশ করে। সে সময় তারা দুটি আসন পায়। ২০২৩ সালের নির্বাচনে দলটি তিনটি আসন লাভ করে। আগামী বছরের এপ্রিলে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট হওয়ার কথা। মধ্যপন্থি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তখন পদ ছাড়বেন। ওই নির্বাচনে ক্ষমতায় যাওয়ার এটিই এ পর্যন্ত নিজের সবচেয়ে ভালো সুযোগ বলে বিবেচনা করছেন লা পেন। এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক বিজয় এবং সিনেটে প্রথমবারের মতো একটি গ্রুপ গঠনের মাধ্যমে একটি বড় মাইলফলক।
ফরাসি বার্তা সংস্থা এএফপির ফলাফল গণনা অনুযায়ী, রোববার আরএনের নয়জন সিনেটর নির্বাচিত হয়েছেন। এর সঙ্গে ২০২৩ সালে নির্বাচিত তিনজনকে যোগ করলে দলটির মোট সিনেটর দাঁড়ায় ১২ জন। আরও দু’জন সিনেটর নির্বাচিত হয়েছেন আরএনের মিত্র এরিক সিওতির দল ইউনিয়ন অব দ্য রাইট ফর দ্য রিপাবলিক (ইউডিআর) থেকে। আরএনের সভাপতি জর্ডান বারদেলা জানিয়েছেন, দলটির সিনেটররা ইউডিআরের মিত্রদের সঙ্গে মিলে একটি সংসদীয় গ্রুপ গঠন করবেন।
কট্টর ডানপন্থিদের সঙ্গে জোট করার আহ্বান জানানোর পর ২০২৪ সালে ডানপন্থি রিপাবলিকান পার্টি (এলআর) ছেড়েছিলেন সিওতি। সিনেটের ডানপন্থি রিপাবলিকান পার্টির ৭৭ বছর বয়সী সভাপতি জেরার্ড লারশে এক দশকেরও বেশি সময় ধরে এই পদে রয়েছেন। আগামী সপ্তাহে তিনি আবারও নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক ফলাফল অনুযায়ী, সিনেটের তিনটি প্রধান শক্তি হিসেবে ডানপন্থি, মধ্যপন্থি এবং বামপন্থি সোশ্যালিস্ট পার্টি নিজেদের অবস্থান ধরে রাখবে বলে মনে হচ্ছে। কট্টর বামপন্থি ফ্রান্স আনবোওড পার্টি প্রথমবারের মতো সিনেটে একটি আসন পেয়েছে।
২০২৪ সালে ম্যাক্রন আগাম জাতীয় পরিষদ নির্বাচনের ডাক দেয়ার পর অভিবাসনবিরোধী লা পেনের দল নিম্নকক্ষের ন্যাশনাল অ্যাসেম্বলিতে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। তবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন থেকে দলটি অনেক দূরে ছিল।
