অক্সফোর্ড বিশ্ব‌বিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে বাংলাদেশি বংশোদ্ভুত সাইমুরের অসামান্য সাফল্য

অক্সফোর্ড বিশ্ব‌বিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে বাংলাদেশি বংশোদ্ভুত সাইমুরের অসামান্য সাফল্য

ফন্ট সাইজ:

বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নিউ কলেজ থেকে পদার্থবিজ্ঞানে বিএ অনার্স সম্পন্ন করেছেন বাংলাদেশি বংশোদ্ভুত সাইমুর মুজিব রহমান। অনার্সে ৬৭% নম্বর পে‌য়ে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি তিনি প্রফেসর স্টিফেন টাকারের তত্ত্বাবধানে বিএ প্রজেক্ট ও বিএ গ্রুপ প্রজেক্টের জন্য বিশ্ব‌বিদ্যালয় থেকে দু'টি স্বতন্ত্র পুরস্কার অর্জন করেছেন।

গত ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য অনুসারে ডিগ্রি প্রদান অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুতে প্রো-ভাইস চ্যান্সেলরের বক্তব্য ইংরেজিতে হলেও পরবর্তী আনুষ্ঠানিক ডিগ্রি প্রদান পর্বটি প্রাচীন একাডেমিক ঐতিহ্য অনুসারে ল্যাটিন ভাষায় পরিচালিত হয়।

ইতিমধ্যেই লন্ডনে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বৈশ্বিক ইনভেস্টমেন্ট ব্যাংকিং ও ফিনান্সিয়াল সার্ভিসেস প্রতিষ্ঠান
জেফরিজ ফাইন্যান্সিয়াল গ্রুপ ইনকর্পোরেটেড-এ পেশাগত কর্মজীবন শুরু করেছেন সাইমুর। অক্সফোর্ডে পড়াকালীন সময়ে তিনি একাধিক প্রফেশনাল ইন্টার্নশিপের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন—যার মধ্যে জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্টার্লিং টেক কোম্পানি ও জে‌ফ্রি‌জে
একযোগে ডেটা সায়েন্স ও ইনফরমেশন সিকিউরিটি বিভাগে কাজ অন্যতম।

সাইমুর লন্ডনের স্বনামধন্য ‘লন্ডন একাডেমি অব এক্সসেলেন্স’ থেকে পদার্থবিজ্ঞান, গণিত, উচ্চতর গণিত এবং রসায়নে এ স্টার অর্জন করে এ লেভেল সম্পন্ন করেন। এ লেভেলে ইপিকিউ-তে তার টপিক ছিল 'টু হোয়াট এক্সটেন্ট ক্যান কোয়ান্টাম কম্পিউটিং এফেক্ট দ্য
ওয়ার্ল্ড, ইকোনোমিক্যালি, এনভারমেন্টালি অ্যান্ড সোস্যালি'। যেখানেও তিনি এ স্টার পান।

সাইমুরের বাবা বিলেতের কমিউনিটির পরিচিত মুখ বাংলা‌দে‌শের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ড. এম. মুজিবুর রহমান—যিনি যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটি থেকে রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কলেজে শিক্ষকতার পাশাপাশি বাথ ইউনিভার্সিটি ও নটিংহাম ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো হিসেবে কাজ করেছেন।

সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশে ‘জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ’ (ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি-এনএসডিএ)-এর সদস্য (গ্রেড-২) পদে নিয়োগ পে‌য়ে‌ছেন। সাইমুরের মা সাবিনা ইয়াসমীন বখত রসায়নে গ্রাজুয়েট সম্পন্ন করে ইউকে সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করছেন ।

উল্লেখ্য, গত বছর সাইমুর বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার বিবাহ অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত হয়ে নবদম্পতিকে আশীর্বাদ করেন।