কওমি ঘরানার সাত দলের পৃথক প্রস্তাবে তৈরি হচ্ছে ঐক্যের রূপরেখা

ফন্ট সাইজ:

কওমি ঘরানার সমমনা সাতটি ইসলামী রাজনৈতিক দলের সম্ভাব্য ঐক্যের রূপরেখা চূড়ান্ত করতে লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি দলের তিনজন করে প্রতিনিধি নিয়ে গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শেখ সাজিদুর রহমানকে। আগামী ২২শে অক্টোবর ঢাকায় কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। গতকাল চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সাত ইসলামী দলের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সূত্র মতে, ঐক্য প্রক্রিয়ায় যুক্ত সাতটি দলের পক্ষ থেকে দেয়া পৃথক লিখিত প্রস্তাব নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। এসব প্রস্তাব সমন্বয় করে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীরের পরামর্শে একটি খসড়া ঐক্যের রূপরেখা তৈরি করা হয়েছে। পরে তা সাত দলের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মুফতি জসিম উদ্দিন বলেন, বৈঠকে সাত দলের প্রতিটি থেকে পাঁচজন করে প্রতিনিধি অংশ নেন। হেফাজতে ইসলামের আমীর ও মহাসচিবের পাশাপাশি সংগঠনটির জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন। বৈঠকে সাত দলের ঐক্য প্রক্রিয়ায় সন্তোষজনক অগ্রগতি হয়েছে। তিনি বলেন, ‘প্রত্যেক দল থেকে তিনজন সদস্য নিয়ে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। হেফাজতের মহাসচিব আল্লামা শেখ সাজিদুর রহমান এই কমিটির আহ্বায়ক থাকবেন। আগামী ২২শে অক্টোবর ঢাকায় লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।’

বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, নায়েবে আমীর মুফতি জসীম উদ্দিন, নায়েবে আমীর মাওলানা সালাউদ্দিন নানুপুরী, সাংগঠনিক সম্পাদক হারুন ইজহারসহ সংগঠনটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সাত দলের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারি মাসউদ; বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দীন আহমদ ও যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দীন মুনির; বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মুফতি মুছা বিন ইযহার, নায়েবে আমীর মাওলানা মুখলেচুর রহমান ও শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদীসহ সংশ্লিষ্ট নেতারা বৈঠকে অংশ নেন।

এ ছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব ইউসূফী, মাওলানা জুনাইদ আল হাবিব, মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি ও যুগ্ম মহাসচিব মুফতি মুনির হোসেন কাসেমী; ইসলামী ঐক্যজোটের আমীর মাওলানা আব্দুল কাদের, মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজিসহ নেতারা উপস্থিত ছিলেন।