‘৫৬?’ লেখা কার্ড হাতে শিক্ষার্থীদের প্রতীকী মিছিল

ফন্ট সাইজ:

লাল কাগজে বড় করে লেখা ‘৫৬?’। কারও হাতে কাগজটি উঁচু করে ধরা, আবার কেউ বুকের সামনে ধরে রেখেছেন। এভাবেই ‘৫৬?’ লেখা কাগজ হাতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রতীকী প্রশ্নযাত্রা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল দুপুরে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ‘আমাদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’ এবং ‘সায়েম স্যার, সায়েম স্যার’ স্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। শিক্ষার্থীদের হাতে থাকা ‘৫৬?’-এর মধ্য দিয়ে তাদের প্রশ্ন- মাত্র ৫৬ দিনের মাথায় কেন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে দেয়া হলো। তাকে পুনর্বহালের দাবিতে ছয়দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। দুপুরে ক্যাম্পাসে মিছিল করেন তারা।

পরে শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নেন। কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের ২৪ আবর্তের শিক্ষার্থী আয়েশা করিম সোহা বলেন, ‘মাত্র ৫৬ দিনের মধ্যে আমাদের ভিসিকে পরিবর্তন করা হয়েছে। আজ ছয়দিন ধরে আমরা কর্মসূচি পালন করছি। আমাদের প্রশ্ন, এটা আর কতোদিন চলবে? আমাদের দাবি যত দ্রুত সম্ভব মেনে নেয়া হোক।’

তিনি বলেন, ‘স্যার দায়িত্বে থাকা ৫৬ দিনে কী কী করেছেন, আমরা সেগুলো স্মরণ করছি। তার কাজ দেখে আমরা কৃতজ্ঞ। আমরা চাই তাকে আবার আমাদের ভিসি হিসেবে দেখতে।’ এদিকে আন্দোলনের কারণে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় দ্রুত ক্লাসে ফিরতে চান শিক্ষার্থীরা। ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ আবর্তের শিক্ষার্থী সাদনান ওয়াসি বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি-আমাদের দাবি মেনে নেয়া হোক। আমরা খুব শিগগিরই ক্লাসে ফিরতে চাই। ইতিমধ্যে আমাদের অনেক সেশনজট হয়ে গেছে। আমরা আর সেটা বাড়াতে চাই না।’ তিনি বলেন, ‘সায়েম স্যারকে পুনরায় ভিসি করে আমাদের দাবি মেনে নেয়া হোক, যেন আমরা ক্লাসে ফিরতে পারি।’