কুবিতে সিনিয়র-জুনিয়র বিরোধ, আহত ১০

কুবিতে সিনিয়র-জুনিয়র বিরোধ, আহত ১০

ফন্ট সাইজ:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গ্রন্থাগারে জোরে কথা বলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুটি দলের মধ্যে ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন শিক্ষার্থী আহত হওয়ার তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান। রোববার দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গ্রন্থাগারে উচ্চস্বরে কথোপকথনকে কেন্দ্র করে প্রথমে আইসিটি, প্রত্নতত্ত্ব ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বাদানুবাদ শুরু হয়। পরবর্তীতে বিষয়টি সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রক্টর কার্যালয়ে ডেকে পাঠানো হয়, পরে তা মিটমাটও করা হয়।

কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার পর ক্যাম্পাসের মূল ফটকের সামনে দুই পক্ষ ফের মুখোমুখি হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া চালায়। এক পর্যায়ে আইসিটি বিভাগের শিক্ষার্থীদের তাড়া করে প্রকৌশল অনুষদে নিয়ে যাওয়া হয়, যেখানে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ অবস্থা তৈরি হয়। এরপর আইসিটি বিভাগের শিক্ষার্থীরাও পাল্টা তাড়া করে অন্য পক্ষকে দত্ত হলে নিয়ে যায়।
ঘটনার পর ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
কুবি মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান জানান, মারামারিতে মোট ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, সকালেই বিষয়টির সুরাহা করা হয়েছিল, ‘তবে এরপরও ক্যাম্পাসের গেট ও দত্ত হলে গিয়ে ফের সংঘর্ষ বাধে। সিসিটিভি ফুটেজ ও সাংবাদিকদের ধারণকৃত ভিডিও পর্যালোচনা করে হামলায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।