দক্ষিণ আফ্রিকায় দুটি পৃথক বন্দুক হামলায় নিহত অন্তত ২৭

দক্ষিণ আফ্রিকায় দুটি পৃথক বন্দুক হামলায় নিহত অন্তত ২৭

ফন্ট সাইজ:

দক্ষিণ আফ্রিকার প্রধান দুটি বড় শহরের কাছে দুটি পৃথক বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও অন্তত ২৬ জন। শনিবার রাত ও রোববার ভোরে দেশটির জোহানেসবার্গ ও কেপটাউনের পার্শ্ববর্তী দুটি টাউনশিপে এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

দক্ষিণ আফ্রিকান পুলিশ সার্ভিস (এসএপিএস) জানিয়েছে, প্রথম ঘটনাটি ঘটে শনিবার রাতে জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওয়েদেলা টাউনশিপের একটি বারে। সেখানে একে-৪৭ রাইফেল ও পিস্তলধারী আটজন অস্ত্রধারী অতর্কিত এলোপাতাড়ি গুলি চালালে ঘটনাস্থলেই ১৭ জন নিহত হন। এই হামলায় আহত হন আরও অন্তত ১৫ জন।

দ্বিতীয় ঘটনাটি কেপটাউনের কাছে লোয়ান্দলে এলাকার একটি দোকানে। সেখানে বন্দুকধারীদের গুলিতে ১০ জন নিহত এবং আরও ১১ জন আহত হন। দুটি ঘটনাতেই একাধিক সন্দেহভাজন অস্ত্রধারী জড়িত ছিল বলে পুলিশ ধারণা করছে।

মাত্র কয়েক দিন আগেই দেশটির পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর ডারবানের কাছে একটি পারিবারিক অনুষ্ঠানে তিন বন্দুকধারীর হামলায় অন্তঃসত্ত্বা এক নারীসহ ১১ জন নিহত হয়েছিলেন। দক্ষিণ আফ্রিকায় সহিংস অপরাধের দীর্ঘ ইতিহাস থাকলেও এক সপ্তাহের ব্যবধানে এমন ধারাবাহিক প্রাণঘাতী বন্দুক হামলা স্থানীয় জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।