সিলেট চেম্বারের নির্বাচন বাতিল নতুন প্রশাসক

সিলেট চেম্বারের নির্বাচন বাতিল নতুন প্রশাসক

ফন্ট সাইজ:

সিলেট চেম্বার অব কমার্সের আসন্ন নির্বাচন বাতিল করা হয়েছে। একইসঙ্গে চেম্বারে বসানো হচ্ছে ব্যবসায়ী প্রতিনিধিদের তরফ থেকে প্রশাসকও। ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা সিলেটে এসে পৌঁছেছে। এ নির্দেশনার কারণে আগামী ৫ই নভেম্বর সিলেট চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। এদিকে, বাণিজ্য মন্ত্রণালয়ের এ নির্দেশনায় ব্যবসায়ীদের একাংশ হতাশ হয়ে পড়েছেন। সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতারা চেম্বার নির্বাচনের প্রস্তুতি নিয়ে মনোনয়নপত্র জমাও দিয়েছিলেন। তবে অন্য অংশে সন্তুষ্টি দেখা দিয়েছে। সিলেট ব্যবসায়ী ফোরামের নেতারা আগে থেকেই নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে ঘোষণা দিয়েছিলেন।

গণ-অভ্যুত্থান পরবর্তী সময় থেকে সিলেট চেম্বার নিয়ে নানা ঘটনা ঘটছে। সিলেট চেম্বারের বর্তমান প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা প্রায় বছরখানেক সময় ধরে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে এ দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনের তফশিল ঘোষণা করেছিলেন। আগামী ৫ই নভেম্বর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছিল। একইসঙ্গে আজ রোববার পর্যন্ত ছিল চেম্বারের মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়ার শেষ দিন। তবে কয়েকদিন আগে সিলেট ব্যবসায়ী ফোরামের নেতারা নির্বাচনের ভোটার তালিকা নিয়ে আপত্তি তোলেন। এ নিয়ে তারা দ্বারস্থ হন সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের কাছে। গত সপ্তাহে সিটি প্রশাসক চেম্বারের প্রতিদ্বন্দ্বিতায় থাকা উভয় প্যানেলের নেতাদের নিয়ে বৈঠক করেন।

তবে সিদ্ধান্ত চূড়ান্ত না করে বৈঠক সমাপ্ত করেন। এই অবস্থায় গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আশরাফুল সিদ্দিক স্বাক্ষরিত এক পত্রে সিলেট চেম্বারের বর্তমান নির্বাচনের তফশিল বাতিল ঘোষণা করেন। অন্য পত্রে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসনের প্রতিনিধিকে সরিয়ে ব্যবসায়ীদের তরফ থেকে একজন নতুন প্রশাসক নিয়োগ করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা ইতিমধ্যে সিলেটের জেলা প্রশাসকের কাছে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন সিলেট চেম্বারের বর্তমান প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।

গতকাল বিকালে তিনি মানবজমিনকে জানান, নির্বাচনের তফশিল বাতিল, নতুন প্রশাসক নিয়োগ সংক্রান্ত নির্দেশনা তাদের কাছে এসে পৌঁছেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশমতো আজ রোববার তিনি আনুষ্ঠানিকভাবে নতুন প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বলে জানান। ব্যবসায়ীরা জানান, সিলেট ব্যবসায়ী ফোরামের নেতাদের দাবি ছিল সিলেট চেম্বার অব কমার্সের নির্বাচন পিছিয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্য থেকে নিরপেক্ষ কাউকে প্রশাসক নিয়োগ দেয়া। তাদের দাবি মতো, বাণিজ্য মন্ত্রণালয় নির্বাচন পিছিয়ে নতুন প্রশাসক নিয়োগ করেছে। নতুন প্রশাসক এজাজ আহমদ চৌধুরী মানবজমিনকে জানান, তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়ার বিষয়টি তিনি শুনেছেন। তবে এখনো কাগজ হাতে পাননি। আগামীকাল পত্র হাতে নিয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। তিনি বলেন, গ্রহণযোগ্য ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচনের আয়োজন করা হচ্ছে তার কাজ। দায়িত্ব নিয়ে তিনি সে প্রক্রিয়া শুরু করবেন বলে জানান। সিলেট ব্যবসায়ী ফোরামের শীর্ষ নেতা এহতেশামুল হক জানিয়েছেন, আমাদের দাবি যা ছিল তা পূরণ করা হয়েছে।

জেলা প্রশাসনের প্রতিনিধিরা চেম্বারে বেশি সময় দিতে পারেননি। নতুন প্রশাসক সময় দিয়ে নতুন ভোটার তালিকা প্রণয়ন করে নির্বাচনের আয়োজন করবেন বলে প্রত্যাশা করেন তিনি। এদিকে, চেম্বারের নির্বাচন বাতিল ও নতুন প্রশাসক বসানোর প্রক্রিয়া নিয়ে খুশি নন সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতারা। পরিষদের শীর্ষ নেতা ফালাহ উদ্দিন আলী আহমদ জানিয়েছেন, গণতান্ত্রিক সরকারের সময় চেম্বার নির্বাচনেও গণতান্ত্রিক ধারা বজায় রাখা উচিত ছিল। ভোটাধিকার বার বার বন্ধ করে দেয়া ভালো চোখে দেখছেন না সিলেটের ব্যবসায়ীরা। গণতন্ত্রে স্বচ্ছতার কোনো বিকল্প নেই। তিনি বলেন, সিভিলিয়ান ব্যক্তি দিয়ে নির্বাচনের আয়োজন পক্ষপাতদুষ্ট হতে পারে। এ প্রক্রিয়ায় নিরপেক্ষ নির্বাচন হওয়া দুষ্কর বলে মনে করেন তিনি।