জৈন্তাপুরের উন্নয়নে ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আসবে

সিলেটে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

জৈন্তাপুরের উন্নয়নে ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আসবে

ফন্ট সাইজ:

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, জৈন্তাপুর উপজেলার সার্বিক উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আগামী ডিসেম্বরের মধ্যে এ অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডে দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে। শিক্ষা, যোগাযোগ, পর্যটন, স্বাস্থ্য ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করা হবে। শুক্রবার জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৬-২০২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (রাজস্ব) আওতায় বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, জৈন্তাপুরের বিপুল পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে রাস্তাঘাটসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন অত্যন্ত জরুরি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি সপ্তাহেই অসংখ্য মানুষ এ এলাকায় ভ্রমণে আসেন।

পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে জৈন্তাপুরে পর্যটকের সংখ্যা আরও বাড়বে। পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। এ লক্ষ্যে ইউনিয়নগুলোর সঙ্গে শহরের যোগাযোগব্যবস্থা উন্নত করার উদ্যোগ নেয়া হবে। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুমেরী জামান, গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল নোমান, জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, জৈন্তাপুর উপজেলা বিএনপি’র সভাপতি আবদুর রশীদ ও সাধারণ সম্পাদক আবদুল হাফিজসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ থেকে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি, গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বাইসাইকেল, দরিদ্র ও দুস্থদের মধ্যে চেক, বর্জ্য পরিষ্কারের জন্য ভ্যান বিতরণ করেন। এর আগে তিনি জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং বিদ্যালয়ের সম্প্রসারিত চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।