খুলনায় আওয়ামী লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি

ফন্ট সাইজ:

খুলনায় আওয়ামী লীগের একটি মিছিল থেকে ২৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলমের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ সময় মিছিলকারীরা তার বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর ও বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে বলেও অভিযোগ করেছেন তিনি। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা সদর থানাধীন টুটপাড়া মওলা বাড়ির সামনে ইসলামীয়া রোডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মঞ্জুরুল আলমের দাবি, ঘটনার সময় তিনি বাসায় শুয়ে ছিলেন। এ সময় বাইরে থেকে ২০-২৫ জনের একটি মিছিলের ‘জয় বাংলা’ স্লোগান শুনে তিনি ঘর থেকে বের হয়ে মিছিলটি দেখতে যান।

তখন মিছিল থেকে এক ব্যক্তি তাকে সরে যেতে বলেন। পরে তিনি বাসার ভেতরে ঢোকার সময় মিছিল থেকে তার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তিনি আরও অভিযোগ করেন, মিছিলকারীরা তার বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর করেন এবং বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। তবে এ ঘটনায় তিনি শারীরিকভাবে আহত হননি বলে জানান।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন বলেন, এ ধরনের একটি ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি। এদিকে, শুক্রবার জুমার নামাজের পরে খুলনা মহানগরীর খালিশপুর থানার বয়রা মেট্রোপলিটন পুলিশলাইন সংলগ্ন খোকনের চায়ের দোকান থেকে থানা আওয়ামী লীগ একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলটি মুজগুনী মহাসড়ক প্রদক্ষিণ করে আনসার উদ্দিন সড়কে গিয়ে শেষ হয়।