জয়পুরহাটের আক্কেলপুরে খালের পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার পর বেলি বিবি (৫৫) নামে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের পরদিন শুক্রবার সকালে উপজেলার আবাদপুর নন্দাহার খালের স্লুইস গেট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বেলি আবাদপুর পূর্বপাড়া গ্রামের বাচ্চু সরদারের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে তিনি গ্রামের পাশের নন্দাহার খালের স্লুইস গেট এলাকায় গোসল করতে যান। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। ঘটনাস্থলের পাশে তার পরা জুতা, গোসলের কাপড় ও সাবান পড়ে থাকতে দেখা যায়। শুক্রবার ভোরে স্থানীয় বিপ্লব নামের এক যুবক খালে মাছ ধরতে গেলে মরদেহ ভাসতে দেখে গ্রামবাসীকে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের ভাগিনা হেলাল খান জানান, বেলি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, গোসল করার সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি পানিতে ডুবে যান। নিহতের স্বামী বাচ্চু সরদার বলেন, আমার স্ত্রী ছেলের বাড়িতে থাকতেন। আমি গতকাল বাড়িতে ছিলাম না। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। খালের পাড়েই তার ব্যবহৃত কাপড়, সাবান ও জুতা পড়েছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে আক্কেলপুর থানার ওসি মেহেদী মাসুদ জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
