মিরসরাইয়ে ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৩

মিরসরাইয়ে ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৩

ফন্ট সাইজ:

চট্টগ্রামের মিরসরাইয়ে মিয়ানমারে পাচারের সময় ৪টি ট্রাক ও একটি ফিশিং বোটসহ ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ইছাখালী ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ইছাখালী ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে ফিশিং বোটে ইউরিয়া সার স্থানান্তরের সময় কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৯৬০ বস্তা সার জব্দ করেন। জব্দ করা সারের মোট পরিমাণ ৪৮ হাজার কেজি। যার আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬০ হাজার টাকা। তিনি আরও জানান, জব্দ করা ইউরিয়া সার, চারটি ট্রাক, ফিশিং বোট এবং আটক তিনজনের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালান ও অবৈধভাবে সার পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।