যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। খুনি শেখ হাসিনার ফ্যাসিস্ট বাহিনীর দোসর ও গুপ্তরা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে ও বিএনপি’র ভাবমূর্তি ক্ষুণ্ন্ন করতে নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছে। এসকল অপশক্তির বিরুদ্ধে সিলেটের রাজপথে অতীতের ন্যায় সোচ্চার ভূমিকা রাখতে হবে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের। শুক্রবার বিকালে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশ শেষে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার নেতৃত্বে সিলেট জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিশাল বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। এতে হাজারো নেতাকর্মী অংশ নেয়। শহীদ মিনারের সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। বক্তব্য রাখেন- সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদ।
সমাবেশ যৌথভাবে পরিচালনা করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান। সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সিলেটের রাজপথে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল যেভাবে ঐক্যবদ্ধ ছিল এখন দেশ গঠনে তারেক রহমানের সরকারের হাতকে শক্তিশালী করতে ফ্যাসিস্ট ও গুপ্তদের সকল অপতৎপরতার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
