চট্টগ্রামে ১ কোটি ৩০ হাজার টাকার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামে ১ কোটি ৩০ হাজার টাকার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

ফন্ট সাইজ:

চট্টগ্রামের পটিয়া ও সাতকানিয়ায় পৃথক দু’টি অভিযানে ৩৩ হাজার ৪২৮ পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-৭। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। শুক্রবার দুপুরে এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফফর হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসব ঘটনায় এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসআরবি-৭ জানায়, গত বৃহস্পতিবার দুপুরে পটিয়ার কমল মুন্সীর হাট এলাকায় মেগা ইন্টারন্যাশনাল হলের সামনে একটি চেকপোস্ট বসানো হয়।

এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী ‘তিশা প্লাটিনাম’ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। সন্দেহজনক গতিবিধির কারণে বাসের যাত্রী জসিম উদ্দিন ও তার স্ত্রী রিমা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কোমরে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো ছয়টি পুঁটলি পাওয়া যায়। সেখান থেকে ২ হাজার ৪২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অন্যদিকে একইদিন বিকাল সোয়া ৩টার দিকে সাতকানিয়ার ছদাহা হাসমতের দোকান এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে আরেকটি চেকপোস্ট বসানো হয়। সেখানে নম্বরবিহীন একটি সবুজ সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে যাত্রী সিটের পেছনে রাখা প্লাস্টিকের ব্যাগ থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৩১ হাজার ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় সিএনজিচালক মো. আকিবকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলো— লোহাগাড়ার চুনতি নয়াপাড়া এলাকার মৃত নজির আহমদের ছেলে মো. আকিব (২১), লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার কুসাখালী এলাকার মৃত নুরুল হকের ছেলে মো. জসিম উদ্দিন (৫০) এবং তার স্ত্রী রিমা বেগম (৩৫)। এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, দু’টি অভিযানে উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।