গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে ‘নবারুণের নতুন আলোয় সংশপ্তকের অটুট প্রাণ, অভ্যুদয়ের উত্থানে অনিরুদ্ধের অভিযান’— প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। এ সময় পায়রা অবমুক্তকরণ, কেক কাটা, বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে শহীদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও টেক্সটাইল অ্যালামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পে দক্ষ প্রকৌশলীদের চাহিদা বাড়ছে। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে টেকসই উৎপাদন, স্মার্ট টেক্সটাইল, অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিতে দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন তিনি। বিদায়ী শিক্ষার্থীদের নৈতিকতা, সততা, পেশাদারিত্ব ও দলগতভাবে কাজের মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান উপাচার্য। একই সঙ্গে চাকরির পাশাপাশি উদ্যোক্তা হয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টির পরামর্শ দেন। সন্ধ্যায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়।
