লালপুর ভূমি অফিসে ফের চুরি

লালপুর ভূমি অফিসে ফের চুরি

ফন্ট সাইজ:

নাটোরের লালপুরে উপজেলা ভূমি অফিসে আবারও চুরির ঘটনা ঘটেছে। মাত্র নয় মাসের ব্যবধানে একই সরকারি দপ্তরে দ্বিতীয়বার চুরির ঘটনায় অফিসের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। শুক্রবার ভোররাতের কোনো একসময় দুর্বৃত্তরা জানালার গ্রিল ও লক ভেঙে অফিসে ঢুকে কম্পিউটার, মনিটর ও সিসিটিভি ক্যামেরার ডিভিআরসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে মানবজমিনকে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন। তিনি বলেন, দুর্বৃত্তরা প্রথমে সহকারী কমিশনারের (ভূমি) কক্ষের পেছনের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখান থেকে একটি অল-ইন-ওয়ান কম্পিউটার ও সিসিটিভি ক্যামেরার ডিভিআরসহ সংশ্লিষ্ট যন্ত্রাংশ খুলে নিয়ে যায়।

এতে অফিসের নিরাপত্তা নজরদারি ব্যবস্থা আংশিকভাবে অচল হয়ে পড়ে। পরে পাশের নাজির কক্ষের জানালার লক ভেঙে বাইরে থেকে বাঁশের সঙ্গে হুক লাগিয়ে ভেতর থেকে পিসি, মনিটরসহ বিভিন্ন যন্ত্রাংশ বের করে নিয়ে যায় তারা। সকালে অফিস খোলার পর কর্মকর্তারা চুরির বিষয়টি দেখতে পান। পরে পুলিশকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। চোরেরা সিসিটিভি’র ডিভিআর নিয়ে যাওয়ায় ঘটনার সময়ের কোনো ফুটেজ পাওয়া যাবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। চুরি হওয়া কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামে অফিসের গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা ডাটা সংরক্ষিত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে, নয় মাসের ব্যবধানে একই সরকারি অফিসে পরপর দুইবার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলেন, গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যালয়ের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।

এ ব্যাপারে লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম পলাশ মানবজমিনকে বলেন, আশেপাশে অন্যান্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। উল্লেখ্য, এর আগে ৫ই ডিসেম্বর ২০২৫ একই অফিসে কম্পিউটারসহ অন্যান্য যন্ত্রাংশ চুরি করা হয়েছিল। সেসব যন্ত্রাংশ উদ্ধার কিংবা ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এছাড়া সম্প্রতি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় থেকেও কম্পিউটার ও এর যন্ত্রাংশ চুরি করে দুর্বৃত্তরা।