সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় নাহিদ ইসলাম (৩০) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহত নাহিদ ইসলাম উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও পশ্চিমপাড়ার সাইফুর রহমানের ছেলে। শুক্রবার জুমার নামাজের সময় পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রতি শুক্রবারের মতো এদিনও জুমার নামাজ আদায় করতে বীরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদে যান নাহিদ ইসলাম। নামাজরত অবস্থায় পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের প্রতিপক্ষ রেজাউল, তার ছেলে জাহিন এবং আফজল, জুনেল, সেবির, সুবাদসহ কয়েকজন মিলে নাহিদ ইসলামের ওপর রামদা দিয়ে উপর্যুপরি আঘাত করে বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায় বলে জানা গেছে।
পরে আত্মীয়স্বজন ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাহিদ ইসলামকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহত নাহিদ ইসলামের ভাই আবু বক্কর সিদ্দিক হিরু বলেন, পূর্বশত্রুতার জের ধরে আমার ভাইয়ের ওপর বীরগাঁও পশ্চিমপাড়ার রেজাউল, তার ছেলে জুবায়েল মেম্বার, জাহিন এবং আফজল, জুনেল, সেবির, সুবাদসহ বেশ কয়েকজন নামাজরত অবস্থায় হামলা চালায়। তারা রামদা দিয়ে কুপিয়ে আমার ভাইকে গুরুতর জখম করেছে। আমার ভাইয়ের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ ব্যাপারে জুবায়েল মেম্বার বলেন, মসজিদের ভেতরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি। কীভাবে ঘটনাটি ঘটেছে, এ বিষয়ে কিছু জানি না। যেহেতু আমি ঘটনাস্থলে ছিলাম না। শান্তিগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
