বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম দেশের জ্বালানি তেল, গ্যাস ও যশোরের মানুষের স্বাস্থ্য সেবা প্রদান ও স্বস্তির বিষয়ে প্রত্যাশা বাস্তবায়নের কথা বলেছেন। মন্ত্রী আশা করেন দেশের জ্বালানি তেল ও বিদ্যুৎ সংকট দ্রুতই স্বাভাবিক হবে। সরকার এই লক্ষ্যে রাতদিন কাজ করছে। শুক্রবার বেলা ১১টায় যশোর সার্কিট হাউজে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই স্বস্তিদায়ক কথা বলেন। জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জ্বালানি তেলের মূল্য স্বাভাবিক হয়ে আসছে।
বৈশ্বিক সমস্যার কারণে বিশ্ব বাজারে যে সমস্যার সৃষ্টি হয়েছে তা অচিরেই কেটে যাবে। আবহাওয়ার কারণে সমুদ্রে অবস্থানরত দুটি এলএনজি জাহাজ খালাসে সাময়িক অসুবিধা হচ্ছে। আবহাওয়া ২-১ দিনের মধ্যে কেটে যাবে। এতে গ্যাস ও জ্বালানি তেলের যে সংকট তা দূর হবে বলে প্রত্যাশা ব্যক্ত করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী আরও বলেন, যশোরের মানুষের স্বাস্থ্য সেবায় পূর্ণাঙ্গ সি সি ইউ, মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠায় কার্যক্রমের সন্তোষজনক অগ্রগতি হয়েছে। আনুষঙ্গিক যেসব কাজ রয়েছে তা সম্পন্ন করেই আগামী কিছুদিনের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে সঙ্গে নিয়েই এর উদ্বোধন করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনার কমিটির সভায় উপস্থিত ছিলেন- কমিটির সহ-সভাপতি মহিলা সংরক্ষিত আসনের এমপি সাবিরা সুলতানা মুন্নি, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব, যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত, জেলা বিএনপি’র সভাপতি ও পাবলিক প্রসিকিউটর এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ। এর আগে প্রেস ক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক নূর ইসলামের নেতৃত্বে নির্বাহী কমিটির সদস্যরা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় মন্ত্রী সাংবাদিকদের ঐক্য ও মর্যাদা সমুন্নত রাখতে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
