চুরির প্রতিবাদ করায় ঘেরে বিষ ঢেলে ৪ লাখ টাকার মাছ নিধন

চুরির প্রতিবাদ করায় ঘেরে বিষ ঢেলে ৪ লাখ টাকার মাছ নিধন

ফন্ট সাইজ:

 ফরিদপুরের আলফাডাঙ্গায় চুরির প্রতিবাদ করায় একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৪ লাখ টাকার মাছ নিধনের ঘটনা ঘটেছে। উপজেলার মিঠাপুর গ্রামের সামের মোড় সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া এ ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী মৎস্যচাষি নিগার সুলতানা (৩১) বাদী হয়ে প্রতিবেশী আ. সালাম তালুকদারের ছেলে মো. আলম তালুকদার (৪২) কে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে অভিযুক্ত করে শুক্রবার আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জানা যায়, গত ২২শে সেপ্টেম্বর দিবাগত রাতে নিগার সুলতানার ঘের থেকে মাছ চুরি হয়। চুরির বিষয়ে সন্দেহ হলে তার শাশুড়ি জাহেদা বেগম প্রতিবেশী আলম তালুকদারের বাড়ির ফ্রিজ তল্লাশি করে চুরিকৃত মাছ শনাক্ত করেন।

এতে ক্ষিপ্ত হয়ে আলম তালুকদার ও তার সহযোগীরা বাদী ও তার পরিবারের লোকদের দেখে নেয়ার হুমকি প্রদান করে। এরই জেরে গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোরের কোনো এক সময়ে ঘেরে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করা হয় বলে অভিযোগ। শুক্রবার ভোরে নিগার সুলতানা ঘেরে গিয়ে দেখেন সব মাছ মরে ভেসে উঠেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। নিগার সুলতানা বলেন, পুকুরের মাছের সঙ্গে মানুষের কীসের শত্রুতা। চুরির প্রতিবাদ করায় অন্যায়ভাবে বিষ দিয়ে আমার এত বড় ক্ষতি করা হলো। আমি প্রশাসনের কাছে অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আলম তালুকদার মুঠোফোনে জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা এবং শত্রুতাবশত তাকে ফাঁসানো হচ্ছে। আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল সারোয়ার জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি আমি খতিয়ে দেখবো। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে ঘেরের পানি পরীক্ষা করে বিষ প্রয়োগের সত্যতা নিশ্চিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।