একটি সেতুর অভাবে...

একটি সেতুর অভাবে...

ফন্ট সাইজ:

বান্দরবানের লামা উপজেলায় বমুখালের উপর একটি সেতুর অভাবে গজালিয়া ইউনিয়নের ১২টি গ্রামের প্রায় ৭ হাজার মানুষসহ হাজারো শিক্ষার্থীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই ইউনিয়নের চিনতাবাপাড়া, বটতলী ও তুলাতলী পাড়ার ব্যবসায়ী, শিক্ষার্থী, নারী-পুরুষসহ হাজারো মানুষকে প্রতিদিন পায়ে হেঁটে ঝুঁকি নিয়ে খরস্রোতা নদী পাড়ি দিতে হয়। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী ও কৃষকরা। ১৮০ ফুট প্রশস্ত খালটি পারাপারে নেই কোন নৌযানের ব্যবস্থা। ভয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা অল্প বয়সে লেখাপড়া ছেড়ে অন্য কাজে জড়িয়ে পড়ে। ফলে উচ্চ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বৃহত্তর ওই অঞ্চলটি। বমুখালের উপর সেতু নির্মাণের জন্য এলাকাবাসী স্বাধীনতার পর থেকে একাধিকবার আবেদন নিবেদন করেও অদ্যাবধি এর কোনো সুফল পায়নি অবহেলিত এই ইউনিয়নের ১২টি গ্রামের অধিবাসী।

সরজমিন দেখা যায়, গজালিয়া ইউনিয়নের দুর্গম চিনতাবাপাড়া, বটতলী ও তুলাতলী পাড়ার ১২টি গ্রামের মানুষের একমাত্র চলাচল পথের সেতু না থাকায় বছরের পর বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে নদী দিয়ে পারাপার হচ্ছেন। এতে প্রায়শই দুর্ঘটনার শিকার হচ্ছেন শিক্ষার্থী সহ এলাকাবাসী। বিশেষ করে বর্ষাকালে নদীর পানি বেড়ে গেলে কৃষিপণ্য, গাছ, বাঁশ পরিবহনের খরচ দ্বিগুণ হয় এবং জীবন হাতে নিয়ে চলাচল করতে হয় বলে জানান সাধারণ মানুষ ও একাধিক কৃষক।

এ বিষয়ে গজালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উচাছিং মার্মা বলেন, এখানে একটি সেতু নির্মাণ জরুরি কিন্তু ইউনিয়ন পরিষদের বরাদ্দ কম থাকায় প্রকল্প হাতে নেয়া সম্ভব হচ্ছে না। এ বিষয়ে ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ জরুরি। এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের লামা উপজেলা প্রকৌশলী মো. আবু হানিফ বলেন, সেতুটি এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ। বিষয়টি বাস্তবায়নের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।