ঝুঁকিতে শিবালয়ের শতবর্ষী বিদ্যালয়

ঝুঁকিতে শিবালয়ের শতবর্ষী বিদ্যালয়

ফন্ট সাইজ:

বর্ষা মৌসুম শেষ হলেও মানিকগঞ্জের শিবালয়ে থামেনি পদ্মার ভাঙন। পানি কমার সঙ্গে তীব্র স্রোতে আরুয়া ইউনিয়নের মান্দ্রাখোলা এলাকার ৩০ নম্বর কুষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভাঙনের ঝুঁকিতে পড়েছে। বিদ্যালয়ের সীমানা প্রাচীরের কাছাকাছি চলে এসেছে নদী।

স্থানীয়রা জানান, প্রায় শত বছর আগে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে দেড় শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। সর্বশেষ ২০২৩ সালে বিদ্যালয়ের পাশে জিও ব্যাগ ফেলা হয়েছিল। এরপর নদীর স্রোতে জিও ব্যাগসহ তীরের মাটি ধসে যাচ্ছে। ভাঙনের ঝুঁকিতে শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে রয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শামিনুর রহমান বলেন, আগে প্রায় ১০০ মিটার এলাকায় জিও ব্যাগ ফেলা হয়েছিল। বর্তমানে সেগুলোও ধসে যাচ্ছে। বিদ্যালয় ও আশপাশের বসতবাড়ি রক্ষায় দ্রুত ব্যবস্থা প্রয়োজন। উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজা খান ইউসুফজী বলেন, বিদ্যালয়টি ভাঙন থেকে রক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত প্রতিবেদন পাঠানো হয়েছে। মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেন, তিনি একাধিকবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ডিও লেটার পাঠিয়েছেন।

স্থানীয়রা জানান, সংসদ সদস্য সমস্যা দেখতে ও জানতে পর পর তিনবার এলাকায় এসেছেন এবং ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আখতারুজ্জামান বলেন, সংসদ সদস্যের ডিও লেটার ও মাঠপর্যায়ের বাস্তব অবস্থার ভিত্তিতে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ বাস্তবায়ন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকার দুইবার এলাকা পরিদর্শনে এলেও তার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে স্থানীয়রা জানান। তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।