পিরোজপুরের নাজিরপুরে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় নিলু দাড়িয়া (৫৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক। গ্রেপ্তার নিলু দাড়িয়া উপজেলার সোনাপুর গ্রামের মৃত সেকেল উদ্দিন দাড়িয়ার ছেলে। জানা গেছে, বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় নিলু দাড়িয়াকে গ্রেপ্তারে অভিযান চালায় নাজিরপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ২৪শে সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার সোনাপুর গ্রামে তার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
নাজিরপুর থানার এসআই নাঈম হোসেনের নেতৃত্বে এবং এসআই মিলন বিশ্বাসসহ সঙ্গীয় পুলিশ সদস্যের উপস্থিতিতে এই অভিযান চালিয়ে নিলু দাড়িয়াকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, বিস্ফোরক মামলায় নিলু দাড়িয়াকে সোনাপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
