পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। দূষিত বায়ু ও পরিবেশ শিশুদের স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশে তৈরি করছে নানা ঝুঁকি। তাই শিশুদের জন্য নিরাপদ ও দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দূষণের প্রভাব মোকাবিলার লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবেশ দূষণের বিভিন্ন কারণ, শিশুদের ওপর এর প্রভাব এবং দূষণ নিয়ন্ত্রণে করণীয় নিয়ে আলোচনা করা হয়। গাকৃবি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাকৃবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
এতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আরবান প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার জোয়ানা ডি. রোজারিও’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা খানম। বক্তারা বলেন- বায়ুদূষণ, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশের ভারসাম্যহীনতার প্রভাব শিশুদের ভবিষ্যৎ প্রজন্মের ওপরও পড়তে পারে।
এজন্য শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন। গাজীপুরকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে প্রশাসন, সিটি করপোরেশন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।
