জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার অর্থ হরিলুটের কারণে আজ দেশে বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তা মোকাবিলা করছেন। দেশের উন্নয়ন অব্যাহত রেখেছেন। তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে এসব মোকাবিলা করছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ চত্বরে আয়বর্ধনমূলক কর্মসূচির আওতায় প্রান্তিক জনগোষ্ঠী সুবিধাবঞ্চিত বিধবা ও স্বামী পরিত্যক্ত নারীদের মধ্যে গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিএনপি’র নেতাকর্মীদের জোটবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থানকালে স্কুলগামী শিক্ষার্থীদের পোশাক ও পরিচ্ছন্নতার বিষয়টি দেখতেন বলে উল্লেখ করে তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচির কথা তুলে ধরেন। তার দাবি, এর ধারাবাহিকতায় বর্তমানে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পোশাক, স্কুল ব্যাগ ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। কৃষকদের জন্য কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড চালুর কাজও চলমান রয়েছে বলে জানান তিনি। অনুষ্ঠানে জানানো হয়, সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে এবং বেসরকারি সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট সার্ভিস (এসডিএস)-এর বাস্তবায়নে কালাই উপজেলার ১১৫ জন উপকারভোগীর মধ্যে গরু বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন মণ্ডল, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, পৌর বিএনপি’র আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান এবং এসডিএস’র নির্বাহী পরিচালক মোসা. আয়েশা আক্তার। এর আগে প্রতিমন্ত্রী কালাই পৌরসভার উদ্যোগে আওড়া-মসলেমগঞ্জ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর সদরে স্থাপিত ডিজিটাল ল্যাব, নাগরিক সেবা ও অনলাইন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
