পিরোজপুরে ৬ দোকান ভস্মীভূত

ফন্ট সাইজ:

পিরোজপুর শহরের কালিবাড়ি রোডে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে বৈরী আবহাওয়ার মধ্যে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শহরের কালিবাড়ি রোডে সবাই দোকান বন্ধ করার পরই একটি চায়ের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে জাহাঙ্গীর হোসেনের টেইলার্সের দোকান, মশিউর সরদারের সাইকেল পার্টসের দোকান, আবুজার মোল্লার হার্ডওয়্যারের দোকান, আলী আকবর আকনের সাইকেল ও প্লাস্টিকের দোকান, মো. মহসিনের মুদি ও মনোহারির দোকান এবং ধীমান মিস্ত্রির চায়ের দোকান।

দোকানের মালিকরা জানান, রাতে দোকান বন্ধ করে মাত্র বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গে আগুনের খবর পেয়ে ছুটে এসে দেখি সবকিছু পুড়ে গেছে। ছয়টি দোকানে কমপক্ষে ৪০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার যুগল বিশ্বাস বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে দু’পাশের আরও কমপক্ষে ১৫টি দোকান ও বসতঘর পুড়ে যেতো। আমরা বড় ধরনের ক্ষতি থেকে স্থানীয়দের রক্ষা করতে পেরেছি। ৬টি দোকান পুড়ে গেছে, তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।