ফরিদপুরে নকল ওষুধ কারখানায় র্যাবের অভিযানে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধসহ বেবি জেল জব্দ করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানের ম্যানেজারকে আটক করা হয়। এর আগে গতকাল প্রতিষ্ঠানটির মালিক এনসিপি’র ফরিদপুর জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাইজিদ হোসেন শাহেদকে আটক করা হলে তার দেয়া তথ্যে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের জনতা ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক নামের একটি প্রতিষ্ঠানে র্যাব-১৯ এর কোম্পানি অধিনায়ক মেজর ফারহানের নেতৃত্বে পরিচালিত হয়। ফরিদপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সাকিব রহমান আকাশ জানান, গতকাল এনসিপি’র জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শাহেদকে আটক করার পর তার দেয়া তথ্যে এ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে প্রতিষ্ঠানের ভেতরে থাকা বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধ ও বেবি জেল উদ্ধার করা হয়। এসব ওষুধ মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ছাড়া প্রতিষ্ঠানের ওষুধ তৈরির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ ছাড়াও ওষুধ তৈরির কাগজপত্রের কোনো বৈধতা নেই। পরে জব্দকৃত তরল ওষুধগুলো স্থানীয় একটি জলাশয়ে ফেলা হয়।
বাকি ওষুধগুলো জব্দ করা হয়। এ সময় ওষুধ তৈরির মেশিনগুলোও জব্দ করে বাড়ির মালিকের কাছে জিম্মাই রাখা হয়। এ সময় ম্যানেজার জিল্লুর রহমানকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
