রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোসা. নাসরিন (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার সুলতানাবাদ এলাকার বাসিন্দা। ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় তার মৃত্যু হয়। শুক্রবার সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ। হাসপাতাল সূত্রে জানা গেছে, নাসরিনকে গত ২০শে সেপ্টেম্বর সকাল ৭টায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাকে হাসপাতালের ৪৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে ২৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।
একই সময়ে চিকিৎসা শেষে ৪০ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত একজন রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবারের তথ্যানুযায়ী, বর্তমানে রামেক হাসপাতালে ৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ও ছাড়পত্রের হিসাবে হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ১৫ জন কমেছে। এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৪০ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেয়া হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত একজন রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
