শিবচরে এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩

শিবচরে এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩

ফন্ট সাইজ:

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে দুই বাসের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ যাত্রী। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে শিবচরের পাঁচ্চর এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, শুক্রবার দুপুরে খুলনা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল পালকী পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এসময় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের পাঁচ্চর বাখরেরকান্দি এলাকায় বাসের চাকা বিকল হয়ে যায়।

এসময় বাসটি সড়কের পাশেই থামানো ছিল তখনই বরিশাল থেকে ছেড়ে আসা দ্রুতগতির হানিফ পরিবহনের আরেকটি বাস ‘পালকী’ পরিবহনের বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় পালকী পরিবহনের চালকের সহকারী এবং হানিফ পরিবহনের দুই যাত্রীর মৃত্যু হয়। আহত হয় অন্তত ১০ জন। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। দুর্ঘটনার পর ঢাকামুখী লেনে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর সরদার জানান, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। চাকা পাংচার হলে পালকী পরিবহনটি এক্সপ্রেসওয়েতে পার্কিং করে রাখে। এ সময় দ্রুত গতির হানিফ পরিবহনের বাস সামনের বিকল বাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুনতাসির রহমান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে।