১ম ইউআইইউ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিবিএ

১ম ইউআইইউ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিবিএ

ফন্ট সাইজ:

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব (ইউআইইউডিসি) আয়োজিত ‘কার্টআপ নিবেদিত ১ম ইউআইইউ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা’ সম্পন্ন হয়েছে। বর্ণাঢ্য এই আয়োজনে ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগ চ্যাম্পিয়ন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

বুধবার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মাল্টিপারপাস হলে প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি যুক্তিনির্ভর আলোচনা, স্বাধীন চিন্তা, গঠনমূলক যুক্তি ও বুদ্ধিবৃত্তিক আদান-প্রদানের এক প্রাণবন্ত মঞ্চে পরিণত হয়।

চূড়ান্ত পর্বে জয়ী হয়ে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে বিবিএ বিভাগ। বিজয়ী দলের সদস্যরা হলেন - তাসনিম হোসেন, তালুকদার সাদমান সাকিব ও সাদিয়া সুলতানা। অন্যদিকে রানার্স-আপ সিএসই দলের প্রতিনিধিত্ব করেন মেহরুন নেসা দোলা, নাসরিন জাহান ও মাহমুদা আক্তার।

প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্যের জন্য ব্যক্তিগত পুরস্কার প্রদান করা হয়। বিবিএ বিভাগের তাসনিম হোসেন ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ এবং একই বিভাগের তালুকদার সাদমান সাকিব ‘ডিবেটার অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ-এর অফিস অব স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের পরিচালক আবু সাদাত মো. মোস্তানসিরবিল্লা; নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক মো. শায়ান সাদিক; ইউএস-বাংলা গ্রুপ (কার্টআপ)-এর এইচআর এক্সিকিউটিভ হাসান মাহমুদ সম্রাট এবং স্পন্সর ও পার্টনার প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের (এসওবিই) অধ্যাপক ও বিবিএ ইন এআইএস-এর কোঅর্ডিনেটর ড. জেমস বকুল সরকার; এসওবিই-এর অধ্যাপক ও বিবিএ প্রোগ্রামের পরিচালক ড. সালমা করিম এবং ইউআইইউ-এর অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক।

অনুষ্ঠানে ‘কী-নোট স্পিকার’ হিসেবে বক্তব্য রাখেন ইউআইইউ-এর ডিরেক্টরেট অব ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্সের (ডিসিসিএসএ) পরিচালক নাহিদ হাসান খান। এতে ইউআইইউডিসি-এর সাবেক সভাপতি রফিউল ইসলাম শান্ত এবং বর্তমান সভাপতি কে. এম. ইসমাইল সাফা উপস্থিত ছিলেন। বিতর্কে অসামান্য অবদান ও ক্লাবের সার্বিক সাফল্যে ভূমিকার জন্য ইউআইইউডিসি-এর সাবেক সহকারী সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস দীপ্তিকে সম্মানজনক ‘ইউআইইউডিসি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স’ প্রদান করা হয়।

টাইটেল স্পন্সর ‘কার্টআপ’-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং) শাহরিয়ার সৌমিক এবং ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ মাহফুজা আক্তার মিমি। টুর্নামেন্টে ‘গোল্ড পার্টনার’ হিসেবে সহযোগিতা করে ইউনাইটেড ফাইন্যান্স।


অনুষ্ঠানে অতিথিরা বলেন, এই টুর্নামেন্ট শিক্ষার্থীদের যুক্তিভিত্তিক চিন্তাধারা, পাবলিক স্পিকিং, বিষয়ভিত্তিক বিশ্লেষণ ও দলগত দক্ষতার বিকাশে ভূমিকা রেখেছে। শুরুর ধাপগুলো পেরিয়ে ফাইনালে উঠে আসা দলগুলো তাদের তথ্যভিত্তিক যুক্তি ও আত্মবিশ্বাসের চমৎকার স্বাক্ষর বহন করে। ইউআইইউডিসি-এর জন্য এই সফল আয়োজন একটি নতুন মাইলফলক, যা ভবিষ্যতে ক্যাম্পাসে যুক্তিবাদী চর্চা ও মুক্তবুদ্ধির আন্দোলনকে আরও বেগবান করবে।

সমাপনী পর্বে বিজয়ী, বিজিত ও সেরা তাত্ত্বিকদের হাতে পুরস্কার তুলে দেয়ার পাশাপাশি বিচারক, আয়োজক ও পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।