হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সেনাদের জীবন উৎসর্গের নির্দেশ দিলেন সৌদি গ্র্যান্ড মুফতি

হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সেনাদের জীবন উৎসর্গের নির্দেশ দিলেন সৌদি গ্র্যান্ড মুফতি

ফন্ট সাইজ:

সৌদি জোটের সঙ্গে লড়াই চলছে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের। যুদ্ধকালীন এ পরিস্থিতিতে সৌদি আরবের সেনাদের প্রতি জীবন বাজি রেখে লড়াইয়ের আহ্বান জানান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। বৃহস্পতিবার রাতে সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে সীমান্ত এলাকায় মোতায়েন সেনাদের উদ্দেশে এ নির্দেশনা দেন সৌদি গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান আল-ফাওজান।

পবিত্র কোরআনের আয়াত ও হাদিসের উদ্ধৃতি দিয়ে মাতৃভূমি ও ইসলামের সুরক্ষায় সর্বোচ্চ আত্মত্যাগের নির্দেশ দেয়া হয় এতে। এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। গ্র্যান্ড মুফতি বলেন, সৌদি আরবের সীমানা রক্ষা করা এবং কোনো আগ্রাসী শক্তিকে এক ইঞ্চি জমিও দখল করতে না দেয়া মহান দায়িত্ব ও সর্বোত্তম ইবাদত। আল্লাহর সন্তুষ্টি অর্জনে এই পথে জানমাল কুরবানি দেয়া পুণ্যময় কাজ।

একই সঙ্গে পুরো ইয়েমেনের ওপর সৌদি সমর্থিত সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরিয়ে আনাকে অন্যতম প্রধান ধর্মীয় ও জাতীয় কর্তব্য হিসেবে ঘোষণা করেন তিনি। পবিত্র ধর্মীয় স্থানগুলো রক্ষায় সেনাদের বীরত্বপূর্ণ অবস্থান নবীজির সাহাবিদের অনুসরণের সমতুল্য বলে বিবৃতিতে মন্তব্য করা হয়।

কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবে হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং রিয়াদের পাল্টা বিমান হামলায় সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এর মধ্যেই দুই সপ্তাহ আগে কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ হুতিদের হাতে চলে যাওয়ায় বড় ধাক্কা খায় সৌদি জোট। ২০১৫ সাল থেকে চলা রক্তক্ষয়ী ইয়েমেন সংকট বর্তমানে আঞ্চলিক ইরান যুদ্ধের সঙ্গে সরাসরি জড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে গ্র্যান্ড মুফতির এই ফতোয়া হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের বড় ধরনের সামরিক অভিযান শুরুর স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।