ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ চেয়ে সিজেপির আল্টিমেটাম

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ চেয়ে সিজেপির আল্টিমেটাম

ফন্ট সাইজ:

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে নিয়ে সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস-এর একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর দেশটির বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবাদে সরব হয়েছে। তার পদত্যাগও দাবি করা হয়েছে।
এ ঘটনায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) প্রতিবাদ জানিয়েছে। তারা জ্ঞানেশ কুমারকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। নাহলে দেশব্যাপী আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সিজেপি।

এর আগে সিজেপি প্রধান অভিজিত দীপ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিম পোস্ট করেছেন। সেখানে জ্ঞানেশ কুমারের ছবির সঙ্গে লেখা হয়েছে, ইটস ডান ব্রো—অর্থাৎ, ‘ভাই, এবার থামো’।
জেন-জি প্রজন্মের কথ্যভঙ্গির এই প্রতিবাদী বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ মনোযোগ কেড়েছে। বৃহস্পতিবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে অভিজিত দীপ জ্ঞানেশ কুমারের কঠোর সমালোচনা করেন।

তিনি বলেন, জ্ঞানেশ কুমার সবচেয়ে বড় দেশদ্রোহী। তার এখনই পদত্যাগ করা উচিত। কারণ এই মুহূর্তে দেশের গণতন্ত্রের জন্য তিনিই সবচেয়ে বড় আতঙ্ক।
যে অনুসন্ধানী প্রতিবেদনকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়েছে, তাতে দাবি করা হয়েছে, গত ১০ মাসে নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী অন্তত ১৪ বার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কয়েকটি সিদ্ধান্তের বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। তাদের আপত্তি আমলে নেয়া হয়নি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তবে নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও কমিশনের সব সিদ্ধান্ত সর্বসম্মতভাবেই নেয়া হয়েছে।