জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি

ফন্ট সাইজ:

‘আগামী বছরের জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু করা যাবে বলে আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এখনো তারিখ চূড়ান্ত হয়নি।’ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।

ইসি অনেকগুলো বিষয় বিবেচনা করে নির্বাচনের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নেয় উল্লেখ করে তিনি বলেন, ‘তারা সম্ভাব্য একটি সময়সূচি ঘোষণা করেছিলেন। কিন্তু ১২ নভেম্বরের পরপরই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। এর সঙ্গে বন্যার কারণে পিছিয়ে যাওয়া কিছু পরীক্ষার সমন্বয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠ্যসূচি শেষ করার বিষয়ও রয়েছে। পরীক্ষার আগে আগে ব্যাপকভাবে নির্বাচনী প্রচার শুরু হলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতে পারে।’

‘এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে নির্বাচনের সময়টা হয়তো একটু পিছিয়ে যাবে।’—বলেন আনোয়ারুল ইসলাম।

তিনি আরও বলেন, ‘রমজান, ঈদ, পূজা, এসএসসি ও এইচএসসি পরীক্ষা—এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যেই সবদিক বিবেচনায় রেখে যাতে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়, ইসি সেটা চিন্তাভাবনা করছে।’