এবার জেলা পর্যায়ে গুণী শিক্ষক হলেন সিলেটের সেই ভাইরাল বিউটি পাল

এবার জেলা পর্যায়ে গুণী শিক্ষক হলেন সিলেটের সেই ভাইরাল বিউটি পাল

ফন্ট সাইজ:

শ্রেষ্ঠ শিক্ষক থেকে এবার গুণী শিক্ষক হলেন সিলেটের সেই ভাইরাল শিক্ষিকা বিউটি রানী পাল। ‘শ্রাবনের মেঘগুলো’ গানের তালে নেচে গত জুলাই মাসে ভাইরাল হয়েছিলেন ওই শিক্ষিকা। বিউটি রানী পাল সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। ২০২৩ সালে তিনি জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স পাশ করা ওই শিক্ষিকার ক্লাসে পাঠদান কার্যক্রম ভিন্ন। শিক্ষার্থীরা তার পাঠদানে মুগ্ধ থাকেন। গত জুলাইয়ে বিউটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে একটি গোষ্ঠীর তোপের মুখে পড়েন তিনি। ফেসবুকে তাকে নিয়ে ট্রল-হেনস্তার শিকার হন। এই পরিস্থিতিতে বিউটি পালের পাশে দাঁড়ান তার সহকর্মীসহ নানা পেশার মানুষজন। বিউটি পালের সঙ্গে সংহতি জানিয়ে ফেসবুকে ভিডিও প্রকাশ করেন অনেকেই।

এবার সিলেট জেলা ও বিভাগীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচন করে জেলা ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়। এতে বিউটি পাল ছাড়াও আরও সাতজন শিক্ষক এ সম্মাননা পাচ্ছেন। সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন উপজেলা থেকে বাছাইকৃত শিক্ষকদের মধ্য থেকে চারজনকে জেলা পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে নির্বাচন করা হয়েছে।

নির্বাচিতরা হলেন-সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মত নুরজাহান বেগম, ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল এবং গোলাপগঞ্জ উপজেলার ১নং চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।

এ বিষয়ে ২১ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ স্বাক্ষরিত এক স্মারকে নির্বাচিত শিক্ষকদের তথ্য বিভাগীয় কার্যালয়ে পাঠানো হয়।

শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ মানবজমিনকে জানিয়েছেন, বিউটি রানী পাল এবার জেলার গুণী শিক্ষকের তালিকায় স্থান পেয়েছেন। এই তালিকা ইতিমধ্যে তারা সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেছেন।