সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। এ সময় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
এর আগে, সোমবার সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে তাকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট। বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে নিয়ে হাইকোর্ট বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়াল ১০০ জনে।
২০২৪ সালের ৮ অক্টোবর হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পান দেবাশীষ রায় চৌধুরী। যুক্তরাজ্য থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের পর ২০০৫ সালে তিনি জেলা আদালতের আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০০৭ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর বড় ছেলে দেবাশীষ রায় চৌধুরী অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের নির্ধারিত দুই বছর পূর্ণ করলেও বয়স ৪৫ বছর না হওয়ায় পূর্বে তাকে স্থায়ী করা হয়নি। সম্প্রতি সংবিধান নির্ধারিত বয়সসীমা পূর্ণ করায় প্রেসিডেন্ট তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন।
