বগুড়ায় ট্রা‌ক-মাইক্রোবাসের মুখোমু‌খি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বগুড়ায় ট্রা‌ক-মাইক্রোবাসের মুখোমু‌খি সংঘর্ষে নিহত ২, আহত ৫

ফন্ট সাইজ:

বগুড়ার শাজাহানপুরে ভুট্টাবাহী ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মাইক্রোবাস চালক ফেরদৌস মন্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশ ফেরত এক যাত্রী মাইক্রোবাসযোগে সাতজন স্বজনকে সঙ্গে নিয়ে জয়পুরহাটের আক্কেলপুরে ফিরছিলেন। ভোরে নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি ভুলক্রমে মহাসড়কের বিপরীতমুখী লেনে উঠে যায়।

এসময়, বিপরীত দিক থেকে আসা ভুট্টাবাহী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক ফেরদৌস মন্ডল ও যাত্রী জুবায়েদুল ইসলাম নিহত হন। আহত ৫ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়‌টি নি‌শ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী।