সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যার ঘটনায় গাড়িচালক ওবায়দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মরিয়মের আপন মামা। বুধবার বিকালে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন-২ (এসআরবি)। পরে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম জানান, এসআরবি মিরপুর এলাকা থেকে ওবায়দুরকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মো. সালাউদ্দিন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ওবায়দুর রহমানের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেয়া হবে। এসআরবি-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওবায়দুর রহমানকে গ্রেপ্তার করা হয়। মামলাটি ডিবিতে তদন্তাধীন থাকায় আমরা তাকে ডিবি’র কাছে হস্তান্তর করেছি।
এদিকে, বুধবার আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন। আবেদনে বলা হয়, মরিয়মের আত্মহত্যার ঘটনায় ওবায়দুরের জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। মরিয়মের বিয়ের আগে থেকে এমপি নজরুলের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে তার যুক্ত বিষয়টি তদন্তে জানা যায়। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়ে বলা হয়, ভবিষ্যতে তার রিমান্ড চাওয়া হবে। প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম বলেন, আসামির পক্ষে জামিন আবেদন ছিল না।
এর আগে, গত রোববার রাজধানীর শেরেবাংলা নগরে ৫ নম্বর ন্যাম ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন। এতে এমপি গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং বাদীর শ্যালক ওবায়দুর রহমানকে আসামি করা হয়। সোমবার এ মামলায় মাকসুদার একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পাশাপাশি তার স্বামী গাজী নজরুলের চারদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। তিনি রিমান্ডে রয়েছেন। রিমান্ড চলাকালে মামলাটি থানা পুলিশ থেকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। আগামী ২২শে অক্টোবর এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।
এমপি নজরুলের স্ত্রী’র আত্মহত্যা, গাড়িচালক ওবায়দুর গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
