পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান প্রেসিডেন্টের

ফন্ট সাইজ:

প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং সমস্যা সমাধানে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ সহ সকল অংশীজনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। বুধবার দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্টের প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসস’কে এ তথ্য জানান। সাক্ষাতে প্রেসিডেন্ট বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনীতিকে সচল রাখতে সমন্বিত উদ্যোগ নেয়া প্রয়োজন; যাতে সব পক্ষ সমান সুবিধা পায়। তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের অর্থনীতিকে মজবুত করা, কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে অর্থ, শিল্প ও ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করেছে।

এ সময় মির্জা ফখরুল ইসলাম দেশের বিকাশমান অর্থনীতিতে শিল্প ও বাণিজ্যকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত এবং বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর ওপরও গুরুত্ব আরোপ করেন। জ্বালানি সংকট সমাধানে শিল্প মালিকদের সোলারসহ বিকল্প ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার তাগিদ দেন প্রেসিডেন্ট। তিনি বলেন, সরকার দেশের ক্রমবর্ধমান অর্থনীতিকে সচল রাখতে কাজ করে যাচ্ছে। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন- প্রেসিডেন্টের সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব।