পলাতক ফ্যাসিস্টরা দেশ অশান্তের চেষ্টা করছে গুপ্তরা দিচ্ছে বাতাস: রিজভী

ফন্ট সাইজ:

পলাতক ফ্যাসিস্টরা বাইরে থেকে দেশকে অশান্ত করার চেষ্টা করছে আর দেশের ভেতরে থাকা গুপ্ত ও সুপ্তরা এতে বাতাস দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে দাবি করে সড়কে নেমেছে একটি পক্ষ। কিন্তু পৃথিবীর অনেক দেশেই সংকট চলছে। বিরোধী দলের যারা বড় বড় কথা বলছেন, তাদের খবরের কাগজ পড়া উচিত। অথচ, জামায়াত ১ হাজার গাড়ি নিয়ে লংমার্চ করছে।’ বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘এত জ্বালানি অপচয় না করলে রাষ্ট্রের সাশ্রয় হতো। জনগণ এসব বোঝে। এত সংকটের পরেও সরকার জনগণকে সর্বোচ্চ দিচ্ছে। তারেক রহমানের সরকার অর্থনীতির উন্নতির দিকে যাচ্ছে।’

সরকার আন্তরিকভাবে দেশের অর্থনীতিকে বাঁচানোর জন্য কাজ করছে মন্তব্য করে তিনি বলেন, ‘বর্তমান সরকার সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারের চেষ্টা করছে। বিরোধী দল এখন যেভাবে নির্বিঘ্নে কথা বলছে, এটা ১৭ বছর করা যায়নি।’ প্রধানমন্ত্রীর সরকারি ব্যয় সাশ্রয়ের বিষয়টি তুলে ধরে রিজভী বলেন, আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫০ থেকে ২০০ জন লোক নিয়ে বিদেশ সফরে যেতেন। আর বর্তমান প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশনে মাত্র ৩৫ জন লোক নিয়ে গেছেন এবং পাঁচ থেকে ছয়দিন অবস্থান করে দেশে ফিরে আসবেন।

তিনি বলেন, এর মাধ্যমে সরকার দেশের প্রতি ভালোবাসা এবং জনগণের অর্থ সাশ্রয়ের বিষয়টি দেখিয়েছে। রিজভী বলেন, বিএনপি, বিএনপি জোট এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দেশের সম্পদ ও সামর্থ্য বাড়াতে চায়। এজন্য গরিব, হতদরিদ্র ও প্রান্তিক মানুষের স্বার্থকে গুরুত্ব দেয়া হচ্ছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির মাধ্যমে হতদরিদ্র মানুষ, প্রান্তিক কৃষক ও গরিব মানুষ উপকৃত হবে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি’র স্বেচ্ছাবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এমপি, সাধারণ সম্পাদক ও নৌপ্রতিমন্ত্রী রাজীব আহসানসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।