আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে ফেসবুকে অবমাননার মন্তব্য করায় দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে করা মামলার শুনানি পেছানো হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী ২৬শে অক্টোবর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এদিন ট্রাইব্যুনালে দুই আইনজীবীর পক্ষে সময় চেয়ে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। বিষয়টি ট্রাইব্যুনালের পূর্ণ বেঞ্চে শুনানির আর্জিও জানান তিনি। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জহিরুল আমিন। ট্রাইব্যুনাল-২ এর অপর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ অসুস্থ থাকায় গতকাল উপস্থিত হতে পারেননি। তার অনুপস্থিতির কারণে আদালত অবমাননার এ মামলার শুনানি হয়নি। পরে আগামী ২৬শে অক্টোবর শুনানির পরবর্তী দিন ঠিক করেন ট্রাইব্যুনাল।
আদালত অবমাননার এ মামলায় অভিযুক্ত দুই আইনজীবী হলেন- মো. হাসানুজ্জামান তুষার ও মোহাম্মদ হাসান চৌধুরী। গতকাল তারা সশরীরে ট্রাইব্যুনালের এজলাসে উপস্থিত ছিলেন। এ সময় এই দুই আইনজীবীর সঙ্গে আরও প্রায় ৩০ জন আইনজীবী ট্রাইব্যুনালের এজলাসে উপস্থিত ছিলেন। একইসঙ্গে ট্রাইব্যুনালের বাহিরে প্রায় অর্ধ শতাধিক আইনজীবী অবস্থান গ্রহণ করেন। বেলা ১১টার দিকে তারা মূল গেটের পাশ থেকে সরে গিয়ে ঈদগাহ্ মাঠে চলে যান। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে গত ১৫ই সেপ্টেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়। ট্রাইব্যুনাল-২ এর দেয়া এই রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্ত দুই আইনজীবী আদালত অবমাননার মন্তব্য করেছেন বলে অভিযোগ করে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। পরে ১৬ই সেপ্টেম্বর প্রসিকিউশনের ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল এই দুই আইনজীবীকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। এ বিষয়ে সাংবাদিকদের প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, আদালত অবমাননার ঘটনায় ব্যাখ্যা দিতে যথারীতি হাজির হয়েছিলেন দুই আইনজীবী। কিন্তু ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ অসুস্থ থাকায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এজন্য পরবর্তী শুনানির জন্য নতুন তারিখ ধার্য করেন ট্রাইব্যুনাল।
এদিকে, জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে রাজধানীর উত্তরায় মীর মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের তারিখ পিছিয়ে আগামী ১১ই অক্টোবর ধার্য করেছেন ট্রাইব্যুনাল-২। এছাড়া সাভারে আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৯ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়ে আগামী ১৮ই অক্টোবর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। অন্যদিকে জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফ্ফর হোসেনসহ দু’জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে ২৩শে নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এদিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে সময় চান প্রসিকিউটর জহিরুল আমিন। তিনি এ মামলার অগ্রগতি তুলে ধরে তদন্তের জন্য আরও দুই মাস সময় আবেদন করেন। পরে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে দু’মাস সময় বৃদ্ধি করে এ প্রতিবেদন জমা দেয়ার নতুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল-২। এ মামলায় গ্রেপ্তার অপর আসামি হলেনÑ লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। তবে অসুস্থ থাকায় তাকে আজ হাজির করা হয়নি। এছাড়া মোজাফ্ফর হোসেনও অনুপস্থিত ছিলেন।
চকরিয়ার সাবেক এমপি জাফর আলম কারাগারে: ২০১২ সালে সংঘটিত একটি হত্যাকাণ্ড এবং ২০২৩ সালের যুবদল নেতা শামীম হত্যা মামলায় কক্সবাজারের চকরিয়ার সাবেক সংসদ সদস্য জাফর আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বুধবার ট্রাইব্যুনাল শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন। প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকবদের বলেন, ১৩ এবং ২৩ সালে একজন বিএনপি, একজন জামায়াতকর্মী এদের দু’জনকে হত্যাসহ অন্যান্য অভিযোগে তার বিরুদ্ধে আমরা পিডব্লিউ-র আবেদন দিয়েছিলাম। এরই প্রেক্ষিতে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। আজকে ট্রাইব্যুনাল তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা তার শাসনামলে বেসামরিক নাগরিকদের ও বিরোধী দল দমনের অন্যতম হাতিয়ার ছিলেন চকরিয়ার এমপি। তার সহযোগীদের মাধ্যমে সাঈদী সাহেবের জানাজা হওয়ার পরে একজন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর একজনÑএই দু’জনকে হত্যা করেছিলেন।
রায় নিয়ে মন্তব্য
ট্রাইব্যুনালকে অবমাননার অভিযোগে দুই আইনজীবীর পরবর্তী শুনানি ২৬শে অক্টোবর
স্টাফ রিপোর্টার
২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
