বাংলাদেশ পুলিশের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন ও বদলি করা হয়েছে। মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ৭ জন এবং বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্স কার্যালয় থেকে পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত দু’টি আলাদা আদেশে ৬ জনকে বদলি করা হয়েছে। এরমধ্যে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুমকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি), ঢাকার এসবি’র অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকিরুল হাসানকে বরিশালে, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আসহাবকে এসবিতে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ উদ্দীনকে অ্যান্টি টেরোরিজম ইউনিটে, এসবি’র অতিরিক্ত পুলিশ সুপার মো. মমিনুল হককে ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলে, কুড়িগ্রামের উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলমকে এসবিতে এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সহকারী পুলিশ কমিশনার সুশান্ত মজুমদারকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) বদলি করা হয়েছে।
এক আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ৩ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে মো. সালাহউদ্দিনকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আবুজায়েদ মো. নাজমুন নূরকে গুলশান থানার অফিসার ইনচার্জ এবং মুহাম্মদ ফরিদুল ইসলামকে গোয়েন্দা মতিঝিল বিভাগের পদায়ন করা হয়েছে। অন্য আরেক আদেশে বাকি ৩ জনকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে গোয়েন্দা, রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রেজাউল করিমকে ডিএমপি’র উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার, ডিএমপি’র সিটি-স্পেশাল একশন গ্রুপ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাহেদ পারভেজ চৌধুরীকে ডিএমপি’র সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে এবং ডিএমপি উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) গোয়েন্দা-রমনা বিভাগে বদলি করা হয়েছে।
