দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দুই কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)। গতকাল চলতি বছরের সিসিজিপি’র ৪৬তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়। প্রস্তাব অনুযায়ী, অতিরিক্ত এলএনজি কার্গো দু’টি আগামী ৬ই নভেম্বর ও ২২শে নভেম্বর ২০২৬ তারিখে সরবরাহ করা হবে। সভায় জানানো হয়, প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করা হয়েছে জেকেএম থেকে শূন্য দশমিক শূন্য দুই মার্কিন ডলার কম হারে।
এটি বিদ্যমান দীর্ঘমেয়াদি চুক্তিতে নির্ধারিত মূল্যের থেকে ভিন্ন। দু’টি অতিরিক্ত এলএনজি কার্গোর সরবরাহকারী হিসেবে কাতার এনার্জি ট্রেডিং এলএলসিকে সুপারিশ করা হয়েছে। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে প্রস্তাবটি উপস্থাপন করা হয়। কমিটি সভায় প্রস্তাবটির অনুমোদনের সুপারিশ করে। দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে এলএনজি সরবরাহ নিশ্চিত করতে সরকারের চলমান ব্যবস্থার অংশ হিসেবে এ এলএনজি কেনা হচ্ছে বলে জানা গেছে।
