দেশব্যাপী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে মোবাইল ফোন এবং ট্যাবলেট ব্যবহার নিষিদ্ধ করেছে মেক্সিকো। শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর স্ক্রিন টাইমের নেতিবাচক প্রভাব ও প্রযুক্তির অতিরিক্ত আসক্তি রোধে এ পদক্ষেপ নিয়েছে দেশটি। সরকারি শিক্ষাব্যবস্থার অধীনে আগামী ৩রা নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়মের ফলে শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণে অবস্থানকালে কোনো ধরনের ডিভাইস ব্যবহার করতে পারবে না। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম জানান, শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি ও পারস্পরিক যোগাযোগ বাড়াতে সব অঙ্গরাজ্যের শিক্ষা কর্মকর্তারা এই সিদ্ধান্তে একমত হয়েছেন। শিক্ষামন্ত্রী মারিও দেলগাদো বলেন, এই সমঝোতা শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও পড়াশোনায় মনোযোগ ফেরাতে সহায়ক হবে। উচ্চ বিদ্যালয়গুলো তাদের সুবিধাজনক সময়ে শিক্ষণীয় উদ্দেশ্যে ডিভাইস ব্যবহারের নিজস্ব নীতিমালা তৈরি করবে। শিশুদের প্রযুক্তি আসক্তি ঠেকাতে বিশ্বজুড়ে নেয়া কঠোর পদক্ষেপের অংশ হিসেবেই মেক্সিকো এই ব্যবস্থা নিল।
