বলীপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত

১৩ পরিবারকে মীর হেলালের পক্ষে ত্রাণ বিতরণ

ফন্ট সাইজ:

বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মাঝে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি’র পক্ষ থেকে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপি’র সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা।

এ সময় জাবেদ রেজা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে কঠিন সময় পার করছে। তাদের দুর্দিনে পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহযোগিতা করা জরুরি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য লুসাই মং, জসিম উদ্দীন তুষার, চনু মং মার্মা, মা সেতুং তঞ্চঙ্গ্যাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকেও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেয়া হয়।
উল্লেখ্য, গত ১৬ই সেপ্টেম্বর ভোররাতে থানচি উপজেলার বলীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৩টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডে দোকানগুলোর মালামালসহ আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।