কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল (৫১) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল গভীর রাতে উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর-মনঘাটা এলাকার নাগিনীর জলাশয়ে এ ঘটনা ঘটে। নিহত বাবুল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এলাকার ছয়ঘর ভূঁইয়া বাড়ির জালাল উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিকারপুর গ্রামের জহিরুল ইসলামের নাগিনীর জলাশয়ে জমিতে পানি সেচের জন্য একটি পাম্প স্থাপন করা হয়। রাতে ওই সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করার চেষ্টা করছিলেন বাবুল। এ সময় তার কাটতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেচিত বড়ুয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বুড়িচং থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
