উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে বিক্ষোভ, ভিসি ভবনে তালা

উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে বিক্ষোভ, ভিসি ভবনে তালা

ফন্ট সাইজ:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন তারা। শিক্ষার্থীদের দাবি, বর্তমান উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনরায় দায়িত্বে বহাল করতে হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবন, ছাত্রী হল ও শিক্ষক আবাসিক এলাকা প্রদক্ষিণ করে।

বিক্ষোভে শিক্ষার্থীরা অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। পরে রাত সাড়ে ১১টার দিকে স্বাধীনতা চত্বরে কর্মসূচি শেষ হয়। এরপর শিক্ষার্থীরা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদেই শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন।

বিক্ষোভে অংশ নেওয়া তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী ইফাজ তাজোয়ার বলেন, দীর্ঘ সময় পর তারা একজন শিক্ষার্থীবান্ধব ও যোগ্য উপাচার্য পেয়েছিলেন। কোনো কারণ না দেখিয়ে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে শিক্ষার্থীরা ক্ষুব্ধ।

তিনি বলেন, ‘তিনি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা করেছেন। একাডেমিক ক্ষেত্রেও শিক্ষার্থীদের পাশে ছিলেন। আমাদের একটাই দাবি—অনতিবিলম্বে অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনরায় উপাচার্য পদে বহাল করতে হবে।’

এ বিষয়ে চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, তারা পরিস্থিতি সম্পর্কে সতর্ক রয়েছেন। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধানের চেষ্টা করা হবে।

এর আগে গত ২৭ জুলাই চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরদিন ২৮ জুলাই তিনি দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় সোমবার তাকে উপাচার্যের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে নতুন উপাচার্য হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে।

উপাচার্য পরিবর্তনের এ সিদ্ধান্তের পরই চুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। রাতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে তারা তাদের প্রতিবাদ জানান।