যশোরের অভয়নগরে বাহারুল মল্লিক হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি দেশি তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাতে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের সোবহান সরদারের বাঁশবাগানে মাটিতে পুঁতে রাখা অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বাহারুল হত্যা মামলায় গ্রেপ্তার এক আসামির দেয়া তথ্যের ভিত্তিতে এসব উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ই সেপ্টেম্বর সকালে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের একটি বাগান থেকে বাহারুল মল্লিক (৪৩) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই বিল্লাল মল্লিক বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে অভয়নগর থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটির তদন্তে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের মিনারুলের ছেলে রমজান আলী (২২)কে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রোববার রাতে দক্ষিণডিহি গ্রামের সোবহান সরদারের বাঁশবাগানে অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে বাঁশবাগানের পশ্চিম কোণে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় একটি ৭.৬৫ বোরের ‘ইউপি’ লেখা পিস্তল, সাত রাউন্ড পিস্তলের গুলি এবং একটি দেশি তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার আসামি রমজান আলীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
