জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসভাড়া পুনর্র্নিধারণে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৈঠকে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে। বিষয়টি মানবজমিনকে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম। আজ সোমবার বিকেলে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিকেল ৩টা থেকে দেড় ঘন্টা চলেছে বৈঠক। এতে বাসমালিক-শ্রমিকসহ পরিবহন খাতের সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
বৈঠকে জ্বালানি তেলের নতুন দামের কারণে বাস পরিচালন ব্যয় কতটা বেড়েছে এবং সে অনুযায়ী ভাড়া কী হারে সমন্বয় করা হবে- তা নিয়ে আলোচনা করা হয়েছে। তবে এখনো নতুন বাসভাড়া চূড়ান্ত হয়নি। মো. সাইফুল আলম বলেন, তেলের দাম বাড়ায় নতুন করে দাম সমন্বয় করতে বিআরটিএতে জরুরি বৈঠক হয়েছে। সবকিছু বিবেচনায় নিয়ে বাসভাড়া পুনর্র্নিধারণ করার কথা আমরা জানিয়েছি। বাকিটা বিআরটিএ সিদ্ধান্ত নেবে।
জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে বাসের ভাড়া সমন্বয় করা হয় সর্বশেষ চলতি বছরের এপ্রিলে। তখন সরকার ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করেছিল। একই সময়ে অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বাড়ানো হয়। এরপর বিআরটিএর ভাড়া নির্ধারণ-সংক্রান্ত কমিটি সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক করে বাসের ভাড়া বাড়ানোর সুপারিশ করে।
২৩শে এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়। ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা এবং ডিটিসিএ এলাকার মিনিবাসের ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করা হয়। অর্থাৎ দূরপাল্লা ও মহানগরের বাসে কিলোমিটারপ্রতি ১১ পয়সা করে ভাড়া বেড়েছিল।
২০ পয়সা বাড়ালে দূরপাল্লার বাসে এবার কিলোমিটারপ্রতি ভাড়া দাড়াচ্ছে ২ টাকা ৪৩ পয়সা। তাহলে প্রতি ১০০ কিলোমিটারে ভাড়া ২৪৩ টাকা আসছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২টাকা ৭৩ পয়সা হচ্ছে। এ ছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এলাকা অর্থাৎ ঢাকা ও ঢাকার আশপাশের ক্ষেত্রে ২ টাকা ৪৩ পয়সা থেকে ২টাকা ৬৩ পয়সা হতে পারে।
