ফিফা আসিয়ান কাপে অংশ নিতে ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। আসরের অন্যতম আকর্ষণ ও দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী ক্লাব ফুটবলের ব্যস্ততা শেষে সোমবার স্থানীয় সময় দুপুর ৩টার দিকে জাকার্তায় দলের সঙ্গে যোগ দেন।
ইংলিশ চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ইউনাইটেডের হয়ে শনিবার স্টোক সিটির বিপক্ষে মাঠে নামেন হামজা। ম্যাচটিতে ২-১ গোলে হারলেও রাইট ব্যাক পজিশনে ৭৯ মিনিট পর্যন্ত খেলে নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই তিনি। চলতি মৌসুমে ক্লাবটির হয়ে ৮ ম্যাচের ৫টিতেই রক্ষণভাগ ও মাঝমাঠে আলো ছড়িয়েছেন হামজা।
ইংল্যান্ড থেকে তরুণ প্রতিভা ফারহান আলী ওয়ালিদ সোমবার রাতেই দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে। এছাড়া শমিত সোমের মঙ্গলবার সকালে জাকার্তায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে রোববার ভোরে জাকার্তায় পৌঁছায় বাংলাদেশ দল। টিম হোটেলে সামান্য বিশ্রামের পর রাতেই প্রথম অনুশীলন সেশন শুরু হয়। উরুগুইয়ান ফিটনেস ট্রেনার রাফায়েল ক্যাম্পোসের তত্ত্বাবধানে মূলত ভ্রমণক্লান্তি কাটাতে স্ট্রেচিং ও রিকোভারি সেশনের ওপর বেশি জোর দেয়া হয়।
আসিয়ান কাপের ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ও স্বাগতিক ইন্দোনেশিয়া। শুক্রবার মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসিয়ান কাপের মিশন শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা। গ্রুপের তিন প্রতিপক্ষই বাংলাদেশের (১৮১) চেয়ে ফিফা র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে। ইন্দোনেশিয়ার অবস্থান ১১৮, মালয়েশিয়ার ১৩৬ ও সিঙ্গাপুর আছে ১৪৬ নম্বরে।
জাকার্তার ৭৭ হাজার দর্শক ধারণক্ষমতার ঐতিহাসিক গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ।
