ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ কুট্টাপাড়া এলাকায় কৃষকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া অংশে স্থানীয় কৃষকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অর্ধশতাধিক কৃষক, এলাকাবাসী, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, আন্ডারপাস চাই অবিলম্বে’, ‘নিরাপদ পারাপারের অধিকার, আন্ডারপাস চাই এবার’সহ বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের এ অংশে চার লেনের নির্মাণকাজ চলমান রয়েছে। মহাসড়কের দক্ষিণ পাশে রয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। এসব জমিতে প্রতিদিন কৃষকদের লাঙল, ট্রাক্টর, গবাদিপশু, কৃষি উপকরণ ও উৎপাদিত ফসল নিয়ে ব্যস্ত মহাসড়ক পার হতে হয়। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ার পাশাপাশি কৃষকদের সময় ও শ্রমের অপচয় হচ্ছে এবং কৃষিকাজও ব্যাহত হচ্ছে। তাঁরা আরও বলেন, কুট্টাপাড়া ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষ কৃষির ওপর নির্ভরশীল। মহাসড়কের দক্ষিণ পাশে থাকা কয়েক হাজার বিঘা কৃষিজমিতে যাতায়াতের জন্য নিরাপদ কোনো পারাপারের ব্যবস্থা না থাকায় কৃষকদের প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হতে হচ্ছে। বিশেষ করে ট্রাক্টর, গবাদিপশু ও ফসল নিয়ে মহাসড়ক পারাপারের সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
কৃষকদের দাবি, চার লেনের নির্মাণকাজ সম্পন্ন হওয়ার আগেই পরিকল্পিতভাবে একটি আন্ডারপাস নির্মাণ করা হলে কৃষকদের নিরাপদ চলাচল নিশ্চিত হওয়ার পাশাপাশি কৃষিজমিতে যাতায়াত সহজ হবে। একই সঙ্গে ভবিষ্যতে মহাসড়ক পারাপারজনিত দুর্ঘটনার ঝুঁকিও কমবে। মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি দ্রুত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে চার লেন প্রকল্পের আওতায় দক্ষিণ কুট্টাপাড়া এলাকায় কৃষকবান্ধব একটি আন্ডারপাস নির্মাণের দাবি জানান। দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা। মানববন্ধনে সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, মোহাম্মদ অহি উদ্দিন মুন্সি, এমরান মিয়াসহ স্থানীয় কৃষক প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
