লিসান্দ্রো মার্টিনেজের এক অদ্ভুত আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে টানা তৃতীয় হারের মুখেই দাঁড়িয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ৮৯ মিনিটে মাথেউস কুনহার শটে ফুলহ্যামের বিপক্ষে ১-১ গোলের সমতায় মাঠ ছাড়লো রেড ডেভিলরা।
ক্রাভেন কটেজে ম্যাচের প্রথমার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করে। ব্রুনো ফার্নান্দেজের শট পোস্টে লেগে ফিরে না আসলে শুরুতেই লিড পেতে পারতো ইউনাইটেড। অন্যদিকে ফুলহ্যামের হয়ে জশ কিং ও অস্কার বব সহজ সুযোগ নষ্ট করেন। বিরতির পর স্বাগতিকদের ক্যাসেম্বোর নিচু শট গোলকিপার সেনে লামেন্স ঠিকমতো সামলাতে না পারলে মার্টিনেজের স্পর্শে বল নিজ জালেই জড়িয়ে যায়।
পিছিয়ে পড়ার পর গোল শোধে মরিয়া হয়ে ওঠে মাইকেল ক্যারিকের দল। ব্রায়ান এমবুমো ও কুনহার একাধিক জোরালো চেষ্টা দুর্দান্তভাবে রুখে দেন ফুলহ্যাম গোলকিপার বার্ন্ড লেনো। অবশেষে ম্যাচের এক মিনিট বাকি থাকতে ২০ গজ দূর থেকে কুনহার নেয়া শট ফুলহ্যাম ডিফেন্ডার ডেভিড আফেনগ্রুবারের গায়ে লেগে দিক বদলে লেনোকে পরাস্ত করে জালে জড়ায়।
এই ড্রয়ের ফলে ৫ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১২ নম্বরে থেকে আন্তর্জাতিক বিরতিতে যাচ্ছে ইউনাইটেড। অন্যদিকে প্রথম জয়ের এত কাছাকাছি এসেও শেষ মুহূর্তে পয়েন্ট খোয়ানোয় ২ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরেই আটকে থাকলো অলভারো আরবেলোয়ার ফুলহ্যাম।
