ন্যাম ভবনে লাশ উদ্ধারের ঘটনায় এমপি নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

ফন্ট সাইজ:

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের ২০৩ ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মরিয়ম এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী। রাত ৯টা ৫৪ মিনিটের দিকে ওই ফ্ল্যাট থেকে অ্যাম্বুলেন্সে করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। একই সঙ্গে পৃথক মাইক্রোবাসে এমপি নজরুল ও তার প্রথম স্ত্রীকে নিয়ে যায় পুলিশ।

বিষয়টি নিয়ে  ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি’র তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, খবর পেয়ে আমিসহ থানা পুলিশ ঘটনাস্থলে আসি। ভবনের একটি রুমের জানালা দিয়ে দেখা যায়, মরিয়মের লাশ ফ্যানের সঙ্গে ঝুলছে। এরপর পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়। তারা বিষয়টি নিয়ে কাজ করছে।  তবে তিনি আত্মহত্যা করেছেন না কি তাকে হত্যা করা হয়েছে এবিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।